খবরবাংলা ডেস্ক :
দীর্ঘ ৩২ মাস পর হলুদ জার্সিতে মাঠে নামলেন নেইমার। অনেক জল্পনার শেষে মাঠে নামার সুযোগ পেয়েছেন তিনি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে মাঠে নামানো হয়নি তাকে। অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামানো হলো ব্রাজিলের এই তারকা ফুটবলারকে।
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দ্বিতীয়ার্ধের ৭৬তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ব্রাজিলের হয়ে তৃতীয় গোল করা মাথেউস কুনহার পরিবর্তে তাকে নামান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের আগে আনচেলত্তি জানিয়েছিলেন, স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারকে মাঠে দেখা যেতে পারে। এমনকি প্রয়োজন হলে পুরো ৯০ মিনিটও খেলতে পারেন তিনি। তবে শুরুর একাদশে তার নাম না থাকায় কিছুটা হতাশ হন ব্রাজিল সমর্থকরা।
এদিকে চোটের কারণে এই ম্যাচে খেলেননি ব্রাজিলের আরেক তারকা রাফিনহা। ফলে শুরুর একাদশে নেইমারকে না দেখে সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল।
তবে ম্যাচের শুরুতেই সেই শঙ্কা দূর করেন ভিনিসিয়ুস জুনিয়র। ম্যাচের সপ্তম মিনিটে স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। এর মাধ্যমে চলমান বিশ্বকাপে টানা তিন ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখালেন ভিনিসিয়ুস। এখন পর্যন্ত টুর্নামেন্টে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।
উল্লেখ্য, সবশেষ গত ১৭ মে ক্লাব পর্যায়ে সান্তোসের হয়ে খেলতে গিয়ে চোটে পড়েছিলেন নেইমার। এর আগে ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন তিনি। সেই চোটের কারণে দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে।
অবশেষে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে জাতীয় দলে নিজের প্রত্যাবর্তনের গল্প লিখলেন নেইমার।










