খবরবাংলা ডেস্ক :
বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের কাছ থেকে কঠিন পরীক্ষা দিতে হলেও শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের ফল যতই আর্জেন্টিনার পক্ষে যাক না কেন, প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দের দুর্দান্ত লড়াই কেড়ে নিয়েছে ফুটবলপ্রেমীদের মন।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল আর্জেন্টিনা। ২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেজের দীর্ঘ পাস নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে দেন অধিনায়ক লিওনেল মেসি।
এটি ছিল চলতি বিশ্বকাপে মেসির সপ্তম গোল এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ২০তম গোল। একই সঙ্গে টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে এনজো ফার্নান্দেজ ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া অসাধারণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
বিরতির পর আরও আত্মবিশ্বাসী হয়ে ওঠে কেপ ভার্দে। ৫৯তম মিনিটে রায়ান মেন্দেসের পাস থেকে দেরয় দুয়ার্তে গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর আর্জেন্টিনা একাধিক আক্রমণ চালালেও ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়ার দুর্দান্ত নৈপুণ্যে নির্ধারিত সময়ে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটেই আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের ফ্লিক পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন লিসান্দ্রো মার্তিনেজ।
তবে হাল ছাড়েনি কেপ ভার্দে। ১০৩তম মিনিটে সিডনি কাবরালের দুর্দান্ত বাঁকানো শটে আবারও সমতায় ফেরে আফ্রিকার দলটি। ম্যাচ তখন টাইব্রেকারের দিকেই এগোচ্ছিল।
শেষ পর্যন্ত ১১১তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে ক্রিস্টিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিফেন্ডার বোর্হেসের হাতে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে পড়ে। আত্মঘাতী সেই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।
শেষ মুহূর্তেও হাল ছাড়েনি কেপ ভার্দে। ১১৬তম মিনিটে সিডনি কাবরালের ফ্রি-কিক এবং ১১৯তম মিনিটে গিলসন বেঞ্চিমোলের নিশ্চিত গোলের সুযোগ দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।
শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তবে বিশ্বকাপে প্রথম অংশগ্রহণেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে কেপ ভার্দের লড়াকু পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছে ফুটবলবিশ্বে। আগামী ৭ জুলাই বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মিসর।
তথ্য সূত্র : প্রথম আলো











