খবরবাংলা ডেস্ক :
বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসা ‘জ্যোতিষী বিড়াল’ মিলু এবারও শিরোনামে। তার দাবি, আজ রাতের শেষ ষোলোর ম্যাচে নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত নরওয়ের বিপক্ষে কোনো জয় নেই। তাই দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ব্রাজিল সমর্থকদের কিছুটা চিন্তায় ফেললেও মিলুর পূর্বাভাসে আশাবাদী অনেকেই।
চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল আগেই অনুমান করেছিল মিলু। এর বেশ কয়েকটি পূর্বাভাস বাস্তবের সঙ্গে মিলে যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। অনেক ব্রাজিল সমর্থক এখন তাকে সৌভাগ্যের প্রতীক হিসেবেও দেখছেন।
একজন সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, জাপানের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়লেও তিনি মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর আস্থা রেখেছিলেন। শেষ পর্যন্ত সেই ম্যাচে ব্রাজিল জয় পাওয়ায় এবারও নরওয়ের বিপক্ষে একই প্রত্যাশা করছেন।
মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিটিও বেশ ব্যতিক্রমী। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের খাবারের বাটি রাখেন। প্রতিটি বাটির পেছনে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে আগে খাবার খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।
তবে এই পদ্ধতি নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের অভিযোগ, বিড়ালটিকে ইচ্ছাকৃতভাবে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করা হয়। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন নাতান পিনহেইরো। তিনি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করে দাবি করেছেন, মিলু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই নিজের পছন্দের বাটি নির্বাচন করে।
উল্লেখ্য, গতকাল (৪ জুলাই) আর্জেন্টিনা ও কেপ ভার্দের ম্যাচে মিলুর পূর্বাভাস সঠিক হয়নি। ফলে তার টানা সফল ভবিষ্যদ্বাণীর ধারায় প্রথমবারের মতো ছেদ পড়ে। তবুও ব্রাজিল-নরওয়ে ম্যাচকে ঘিরে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘জ্যোতিষী বিড়াল’ মিলু। এখন দেখার বিষয়, তার সর্বশেষ ভবিষ্যদ্বাণী বাস্তবের সঙ্গে মিলে কি না।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











