টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় ওয়াজ উদ্দিন (৪৮) নামে এক ব্যক্তিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে টাঙ্গাইলের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ওয়াজ উদ্দিন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর গ্রামের আছর উদ্দিনের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম রিপন জানান, ২০২১ সালের ২৭ জুন সকালে ওয়াজ উদ্দিন একটি দোকান থেকে চার বোতল কোমল পানীয় কিনে মূল্য পরিশোধের জন্য এক হাজার টাকার একটি নোট দেন। দোকানদারের সন্দেহ হলে তিনি উপস্থিত লোকজনকে বিষয়টি জানান। পরে খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াজ উদ্দিনকে আটক করে।
পুলিশ তার দেহ তল্লাশি করে আরও চারটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এ ঘটনায় দেলদুয়ার পশ্চিমপাড়া গ্রামের দোকানদার জয়েন উদ্দিন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে ২০২২ সালের ২ মার্চ পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রায় ঘোষণার সময় ওয়াজ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।











