খবরবাংলা ডেস্ক :
আর্জেন্টিনার বিপক্ষে ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় সুখবর পেয়েছে ইংল্যান্ড। দলের অন্যতম গুরুত্বপূর্ণ মিডফিল্ডার ডেকলান রাইস পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন এবং সেমিফাইনালে মাঠে নামতে প্রস্তুত।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই স্পোর্টস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আটলান্টায় অনুষ্ঠিতব্য হাইভোল্টেজ সেমিফাইনালে রাইসকে শুরুর একাদশে রাখার পরিকল্পনা রয়েছে। যদিও ইংল্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত একাদশ ঘোষণা করেনি।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের সময় হঠাৎ পাকস্থলীর সমস্যায় আক্রান্ত হন রাইস। ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেল জানান, অসুস্থতা এতটাই গুরুতর ছিল যে কোয়ার্টার-ফাইনালের আগে টানা তিন দিন বিছানা থেকে উঠতেই পারেননি এই তারকা মিডফিল্ডার।
এ কারণে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালে তাকে পুরো ম্যাচ খেলানো হয়নি। চিকিৎসকদের পরামর্শে তিনি মাত্র ৪৫ মিনিট মাঠে ছিলেন।
ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা থাকায় রাইসকে বদলি করার সিদ্ধান্ত নেন টুখেল। পরে সেই সিদ্ধান্তকেই সঠিক বলে উল্লেখ করেন ইংলিশ কোচ।
টুখেল বলেন, “আমরা জানতাম ডেকলান অসুস্থতার সঙ্গে লড়াই করছে। সে আরও খেলতে প্রস্তুত ছিল। কিন্তু ম্যাচ যদি ১২০ মিনিটে গড়াত, তাহলে বদলি খেলোয়াড় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারত। তাই তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই, যা শেষ পর্যন্ত দলের জন্য সঠিক হয়েছে।”
ডেকলান রাইসের সুস্থ হয়ে ওঠায় আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ইংল্যান্ডের মাঝমাঠ আরও শক্তিশালী হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











