কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কুটুরিয়া গ্রামে মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগে একই গ্রামের আমীর হোসেন (৭৫) নামে এক বৃদ্ধকে পুলিশে দিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় ওই তরুণীর বাবা মঙ্গলবার মামলা করলে অভিযুক্তকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোকডহরা ইউনিয়নের কুটুরিয়া গ্রামে সোমবার দুপুরে বোতল কুড়াতে বের হওয়া ওই তরুণীকে অভিযুক্ত আমীর হোসেন তার বাড়িতে ডেকে নিয়ে যান। পরে স্থানীয় এক ব্যক্তি বিষয়টি ভিকটিমের বাবাকে জানালে তিনি ওই বাড়িতে গিয়ে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ঘটনার পর রাতে এলাকায় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বৈঠকে কোনো সমাধান না হওয়ায় গভীর রাতে ভিকটিমের পরিবারের সদস্য ও এলাকাবাসী অভিযুক্তকে কালিহাতী থানায় হস্তান্তর করেন।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, ভিকটিমের বাবা অভিযুক্ত আমীর হোসেনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া বুধবার ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করানো হবে।











