খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।
এক্সে যা লিখলেন সার্জিও গোর বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি লেখেন, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ অংশীদার এবং একসঙ্গে কাজ করলে বাস্তবসম্মত সাফল্য অর্জন সম্ভব। পরে তার এ বক্তব্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের আনুষ্ঠানিক ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।
সফরের বিভিন্ন কর্মসূচি গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এরপর শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এক্সে দেওয়া আরেক পোস্টে তিনি বাংলাদেশ সফরকে ইতিবাচক উল্লেখ করে বলেন, দুই দেশের সম্পর্ক আরও জোরদারে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে আগ্রহী।
এছাড়া বাংলাদেশ সম্পর্কে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা লেভেল ৩ থেকে কমিয়ে লেভেল ২-এ নামানোর তথ্যও জানান তিনি। সার্জিও গোর বলেন, মাঠপর্যায়ের নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কিছু নির্দিষ্ট এলাকায় এখনও অতিরিক্ত সতর্কতা মেনে চলার পরামর্শ বহাল রয়েছে।











