খবরবাংলা ডেস্ক :
রাজধানীর গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে বের হওয়ার সময় কটূক্তির মুখে পড়েছেন সদ্য পদত্যাগ করা সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু।
শুক্রবার (৩১ জুলাই) জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় উপস্থিত এক ব্যক্তি তাকে উদ্দেশ্য করে ‘চোর’ বলে মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাষ্ট্রীয় নিরাপত্তা সদস্যদের সঙ্গে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় পেছন থেকে ওই মন্তব্য করা হয়।
ভিডিওতে আরও শোনা যায়, একজন ব্যক্তি বলেন, “একটা চোরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে।” আরেকজন বলেন, “১৮ কোটি মানুষের হক নষ্ট করেছেন তিনি।” তবে এ সময় সাবেক রাষ্ট্রপতি কোনো প্রতিক্রিয়া জানাননি এবং নিরাপত্তাকর্মীদের সঙ্গে গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।
এর আগে গত শুক্রবার বিকেলে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। পদত্যাগের পর তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা ও পূর্ণ বিশ্রামের প্রয়োজন হওয়ায় দায়িত্ব চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না।
২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সাহাবুদ্দিন চুপ্পু। পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের পর তার পদত্যাগের দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন ও বিক্ষোভ হলেও সাংবিধানিক ধারাবাহিকতার বিষয়টি বিবেচনায় রেখে তিনি দায়িত্বে বহাল ছিলেন।











