খবরবাংলা ডেস্ক :
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার পাঁচ সহযোগীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ফটিকছড়ি থানার একটি মামলায় পাঁচ দিন এবং হাটহাজারী থানার আরেকটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোতাসিম বিল্লাহ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
তিনি জানান, জেলা পুলিশ ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় ১০ দিন করে রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি প্রথমে কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের গ্রুপে যুক্ত হন। পরে সাজ্জাদ গ্রেপ্তার হলে ওই গ্রুপের নেতৃত্ব নেন। পরবর্তীতে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর গ্রুপের দ্বিতীয় শীর্ষ ব্যক্তি (সেকেন্ড ইন কমান্ড) হিসেবে সক্রিয় হন।
পুলিশের দাবি, চট্টগ্রামে সংঘটিত একাধিক আলোচিত হত্যাকাণ্ডে ডেভিড ইমনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া ও চান্দগাঁওয়ের দুটি জোড়া হত্যা, যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা, চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলা রয়েছে।
এর আগে গত বুধবার যশোর সীমান্ত দিয়ে দেশত্যাগের চেষ্টার সময় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











