টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ‘পদার্থ বিজ্ঞানের বন্ধনে, প্রাক্তনদের মিলনে—আগামীর পথে একসাথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে কলেজের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
পুনর্মিলনী উপলক্ষে ১৯৯৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে পদার্থ বিজ্ঞান বিভাগের হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অ্যালামনাই ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরকারি সা’দত কলেজের পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিভাগের প্রতিষ্ঠাকালীন শিক্ষক অধ্যাপক মোশাররফ হোসেন, অধ্যাপক জাকির হোসেন, পদার্থ বিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপসচিব মাসুম বেগ, সদস্যসচিব মুহাম্মদ হারুন অর রশিদ এবং সরকারি সা’দত কলেজের শিক্ষক সাব্বির হাসান পলসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকরা।
অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা নিজেদের পুরোনো দিনের স্মৃতিচারণ করেন। দীর্ঘদিন পর সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে দেখা হওয়ায় সাবেক শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। দিনব্যাপী আয়োজনকে ঘিরে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
পুনর্মিলনীর শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী আয়োজনটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।











