গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের আয় বৃদ্ধি ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে বকনা গরু বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) গোপালপুর পৌর এলাকার বয়েলপাড়ায় ‘উন্নত জীবনের সন্ধানে’ সংগঠনের নিজস্ব কার্যালয়ে বকনা গরু বিতরণ অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র, মেহেরুন্নেছা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি মো. খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে গোপালপুর ডেইরি মালিক সমিতির সভাপতি খন্দকার রোকনুজ্জামান রঞ্জু ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত ছিলেন।
‘উন্নত জীবনের সন্ধানে’-এর নির্বাহী পরিচালক মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনিরুজ্জামান বাবু।
আলোচনায় বক্তারা বলেন, বকনা গরু পালনের মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলো নিজেদের আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। সঠিকভাবে গবাদিপশু পালন ও পরিচর্যা করা হলে দুধ উৎপাদনসহ বিভিন্ন উপায়ে পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নতি সম্ভব।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে বিনামূল্যে বকনা গরু তুলে দেওয়া হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন, ঢাকার সহযোগিতায় এবং ‘উন্নত জীবনের সন্ধানে’, গোপালপুর, টাঙ্গাইলের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে আয়বর্ধক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা এবং ধীরে ধীরে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।










