খবরবাংলা ডেস্ক :
জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইনে সংযোগের কাজের জন্য বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিজিসিএল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর নেটওয়ার্কে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ সময় বগুড়া শহর ও এর সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্পকারখানার গ্রাহকদের পাশাপাশি ক্যাপটিভ পাওয়ার, সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধ থাকার কারণে সাময়িক ভোগান্তিতে পড়বেন।
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সৃষ্ট সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পিজিসিএল কর্তৃপক্ষ।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











