খবরবাংলা ডেস্ক :
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস হচ্ছে জনগণ। গত সাত মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি বলেও দাবি করেছেন তিনি। বরং এ সময়ে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলে মন্তব্য করেন মাহদী আমিন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা’ শীর্ষক আলোচনায় তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, গণতন্ত্র শুধু এক দিনের ভোটের বিষয় নয়। তবে ওই এক দিনের ভোটের মাধ্যমেই পরবর্তী পাঁচ বছর জনগণের আকাঙ্ক্ষা কতটা এবং কীভাবে পূরণ করা হবে, তার দিকনির্দেশনা নির্ধারিত হয়।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা ফ্যাসিবাদ অল্প সময়ে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। তবে গত সাত মাসে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি। বরং এই সময়ে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে।
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর বিএনপির অতীতের ধারাবাহিকতায় তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











