মধুপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত প্রায় এক টন সরকারি পাঠ্যবই উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় বই পাচারের অভিযোগে ইব্রাহিম হোসেন নামে এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় উপজেলার নরকোনা গ্রামের ইব্রাহিম হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নবম ও দশম শ্রেণির এসব বই উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শিক্ষার্থীদের বিনামূল্যে দেওয়ার জন্য নির্ধারিত বইগুলো কীভাবে একজন ভাঙারি ব্যবসায়ীর বাড়িতে গেল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের গুদাম থেকে অবৈধভাবে এসব বই সংগ্রহ করে পাচার করা হচ্ছিল।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ও পুলিশ অভিযান চালিয়ে প্রায় এক হাজার কেজি সরকারি বই উদ্ধার করে এবং ইব্রাহিম হোসেনকে আটক করে।
মধুপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি বই পাচারের অভিযোগে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার প্রক্রিয়াও চলছে।
এদিকে সরকারি অর্থে ছাপানো এসব বই কীভাবে গুদাম থেকে বাইরে গেল এবং এর পেছনে কারা জড়িত, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।











