সখিপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের সখীপুরে আশরাফুল (৩) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মা আকলিমা বেগমের (৩৫) বিরুদ্ধে। একই ঘটনায় তাঁর ৮ বছরের মেয়ে সিদরাতুলও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। পরে আকলিমা আত্মহত্যার চেষ্টা করেন বলে জানিয়েছে পরিবার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বড়চওনা ইউনিয়নের খালিয়ার বাইদ এলাকার মুজিবনগর মোড়ের কাছে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে আকলিমাকে হেফাজতে নেয় সখীপুর থানা-পুলিশ।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শাহিন মিয়ার প্রথম স্ত্রী নাসিমা আক্তারের সন্তান না হওয়ায় তিনি এক মেয়েসহ আকলিমাকে বিয়ে করেন। পরে আকলিমার ঘরে আশরাফুলের জন্ম হয়। শিশুটির বয়স ৪০ দিন হলে তাকে প্রথম স্ত্রী নাসিমার কাছে রেখে আকলিমা ঢাকায় পোশাক কারখানায় কাজ করতে যান। এরপর নাসিমার কাছেই বড় হয় আশরাফুল।
স্থানীয়দের ভাষ্য, আশরাফুল নাসিমাকে ‘বড় মা’ এবং আকলিমাকে ‘আন্টি’ বলে ডাকত। বুধবার রাতে আকলিমা তাঁর ছেলে আশরাফুল ও মেয়ে সিদরাতুলকে ছুরিকাঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
গুরুতর আহত আশরাফুলকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিদরাতুল বর্তমানে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।
ঘটনার পর আকলিমা আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাঁকে আটক করে রাখেন। পরে সকালে পুলিশ গিয়ে তাঁকে হেফাজতে নেয়।
শিশুটির বাবা শাহিন মিয়া বলেন, প্রায় ৩০ বছর পর তিনি পুত্রসন্তানের বাবা হয়েছিলেন। তাঁর সন্তানকে এভাবে হারাতে হবে, তা তিনি মেনে নিতে পারছেন না। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, ঘটনাস্থল সখীপুর ও ভালুকা থানার মধ্যবর্তী এলাকায়। শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছিল এবং মরদেহ সেখানেই রয়েছে। নিরাপত্তা ও চিকিৎসার স্বার্থে শিশুটির মাকে সখীপুর থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত কার্যক্রম চলমান রয়েছে।











