কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবাসহ দুই জুলাই যোদ্ধাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও চিতুলিয়াপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)। তারা দুজনই উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক রাইজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, গাবসারা এলাকা থেকে ইয়াবাগুলো নিয়ে এলেঙ্গায় বিক্রির জন্য ক্রেতার অপেক্ষায় ছিলেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আজিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মামলা করা হয়েছে। মামলার পর বুধবার দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।











