খবরবাংলা ডেস্ক :
চাঁদপুরের শাহরাস্তি পৌর এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে প্রবাসী চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর শ্বশুর।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে বাহরাইনপ্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে রহমত উল্লাহ লাপাত্তা হন। এরপর থেকে রহমত উল্লাহ ও মরিয়ম বেগম দুজনেরই মুঠোফোন বন্ধ রয়েছে।
ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলমের দাবি, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর ইব্রাহিম খলিলকে জানানো হয়। পরে পারিবারিকভাবে বিষয়টি জানাজানি হলে শনিবার রাতে তারা পালিয়ে যান বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় মরিয়ম বেগমের শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার ছেলের স্ত্রী সোনা ও টাকা নিয়ে বাড়ি থেকে চলে গেছেন।
অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত শুরু করেছে শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে রহমত উল্লাহর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











