বাসাইল সংবাদ দাতা
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি ৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৩ সেপ্টেম্বর) মাইজখাড়া এলাকায় নির্মাণাধীন সেতুটিতে এ অভিযান পরিচালনা করা হয়।
দুদক টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপ্লব হোসেনের নেতৃত্বে অভিযানে উপসহকারী পরিচালক বাসেদ আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান শেষে দুদক কর্মকর্তা জানান, সেতুর ফুটপাতের স্ল্যাব ও রেলিংয়ের পিলার ভেঙে পরীক্ষা করে সেখানে স্বাভাবিকের তুলনায় রডের পরিমাণ কম পাওয়া গেছে।
সহকারী পরিচালক বিপ্লব হোসেন বলেন, সরেজমিনে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে বিশেষজ্ঞ দল একটি প্রতিবেদন দেবে। সেখানে দুর্নীতি বা অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে কমিশনকে বিস্তারিত জানানো হবে। এরপর কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাঁশ ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযানের সময় ওই বাঁশ সরেজমিনে পাওয়া যায়নি। তবে সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিওতে সাটারিংয়ে বাঁশ ব্যবহারের দৃশ্য দেখা গেছে।
এদিকে এ ঘটনায় বাসাইল থানায় মামলা হয়েছে। বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমান বাদী হয়ে করা মামলায় ঠিকাদার এস এম জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি এবং সাব-ঠিকাদার শাহ আলমকে দ্বিতীয় আসামি করা হয়েছে। মামলার পর শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও বাসাইল উপজেলা প্রকৌশলী কাজী ফাত্তাউর রহমানকে দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ ছাড়া ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। কমিটিতে অতিরিক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হোসেনকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বাসাইল পৌরসভার সহকারী প্রকৌশলী রবিউল আলম এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আলতাব হোসেন।
এলজিইডি সূত্রে জানা গেছে, বাসাইল পৌরসভার মাইজখাড়া এলাকায় মরাগাঙ্গী নদীর ওপর ৯০ দশমিক ০৬ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২২ সালের সেপ্টেম্বরে। মেসার্স ইউনুছ আল মামুন ও মেসার্স জাকির এন্টারপ্রাইজ যৌথভাবে কাজটি বাস্তবায়ন করছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে সেতুটির প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত ২০ সেপ্টেম্বর রাতে সেতুর ফুটপাতের স্ল্যাব ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশ ব্যবহার করে কাজ শুরু করা হয়। স্থানীয়রা বাধা দিলে কাজ বন্ধ থাকলেও পরে আবার ঢালাই করা হয় বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে ইউএনও ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের উদ্যোগ নেন।
দুদকের অভিযান ও তদন্তের পর সেতুটির নির্মাণকাজে প্রকৃতপক্ষে কী ধরনের অনিয়ম হয়েছে, তা বিশেষজ্ঞ প্রতিবেদন ও পরবর্তী তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।











