খবরবাংলা ডেস্ক :
রোহিঙ্গা সংকটের টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে পাঁচ দফা প্রস্তাব তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা সংকটবিষয়ক এক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব প্রস্তাব দেন। অনুষ্ঠানটি বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, রাখাইন রাজ্যের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। রোহিঙ্গারা নির্বিচারে আটক, চলাচলে বিধিনিষেধ, জোরপূর্বক শ্রম, জোরপূর্বক নিয়োগ ও নিরাপত্তাহীনতাসহ বিভিন্ন ধরনের নির্যাতনের মুখে রয়েছে বলে তিনি উল্লেখ করেন। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথাও তিনি তুলে ধরেন। তাঁর মতে, এ পরিস্থিতিতে এখনো নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি।
তারেক রহমান বলেন, এখন শুধু সহমর্মিতা প্রকাশের সময় নয়; সংকটের মূল কারণ চিহ্নিত করে কার্যকর সমাধানের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর ভাষায়, মানবিক সহায়তা অব্যাহত রাখা জরুরি হলেও এর মাধ্যমে রাজনৈতিক নিষ্ক্রিয়তার বিষয়টি আড়াল করা উচিত নয়। একই সঙ্গে অনির্দিষ্টকাল বাংলাদেশ একা রোহিঙ্গাদের দায়িত্ব বহন করবে—এমন প্রত্যাশাও করা যায় না।
প্রধানমন্ত্রীর পাঁচ দফা প্রস্তাব
১. প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ: রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি স্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টায় আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে প্রভাব কাজে লাগানোর কথা বলেন।
২. সহিংসতা বন্ধ ও অধিকার নিশ্চিত: রোহিঙ্গাসহ মিয়ানমারের বেসামরিক জনগণের ওপর সব ধরনের সহিংসতা বন্ধ এবং নিজভূমিতে রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
৩. মানবিক সহায়তা অব্যাহত রাখা: রোহিঙ্গাদের জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্যও আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার প্রস্তাব দেন তিনি। কক্সবাজারের স্থানীয় জনগণের উন্নয়ন ও জীবনযাত্রার ওপর দীর্ঘমেয়াদি চাপের বিষয়টিও বিবেচনার আহ্বান জানান।
৪. ন্যায়বিচার ও জবাবদিহি: টেকসই প্রত্যাবাসনের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তারেক রহমান। আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) জবাবদিহি প্রতিষ্ঠার প্রচেষ্টায় গাম্বিয়ার ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতসহ অন্যান্য আন্তর্জাতিক বিচার ও তদন্ত ব্যবস্থার কার্যক্রমে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
৫. আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা: মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্র ব্যবসাসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। এসব অপরাধ আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে। তবে এই সংকট অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। রোহিঙ্গারা যেন নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজভূমিতে ফিরতে পারে—সেই লক্ষ্যেই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











