খবরবাংলা ডেস্ক :
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা ২১ মিনিটের দিকে তাঁকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপুল এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের ইকে-৫৮২ ফ্লাইটটি স্থানীয় সময় রোববার রাত ২টা ১৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। এর আগে নিউইয়র্ক থেকে ফেরার পথে শনিবার রাতে ফ্লাইটটি দুবাই পৌঁছায় এবং সেখানে প্রায় ছয় ঘণ্টার যাত্রাবিরতি ছিল।
ইউএনজিএতে প্রথমবার ভাষণ ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী তারেক রহমান ৮১তম ইউএনজিএর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেন তিনি।
ভাষণে বাংলাদেশ সরকারের বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরার পাশাপাশি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, মানবিক সংকট, অর্থনৈতিক সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটের মতো বিষয়গুলো গুরুত্ব পায়।
নিউইয়র্কে ৩০টি কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, নিউইয়র্কে চার কর্মদিবসে প্রধানমন্ত্রী মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ছিল ইউএনজিএ-সংশ্লিষ্ট আটটি কর্মসূচি, চারটি উচ্চপর্যায়ের সাইড ইভেন্ট এবং বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির সঙ্গেও বৈঠক করেন তিনি।
এসব বৈঠকে বাংলাদেশের জাতীয় স্বার্থ, বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক শান্তিসহ বিভিন্ন বিষয় আলোচনায় আসে।
প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার, অর্থনৈতিক সহযোগিতা, জলবায়ু ও রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন কর্মসূচিতে ডা. জুবাইদা সফরকালে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও বেশ কয়েকটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স, ফার্স্ট স্পাউসেস’ ডায়ালগ এবং মাতৃ ও শিশু স্বাস্থ্য ও মিডওয়াইফারি বিষয়ক কর্মসূচি উল্লেখযোগ্য।
নিউইয়র্ক সফর শেষে প্রধানমন্ত্রী ২৫ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্র ছাড়েন। এরপর দুবাই হয়ে রোববার সকালে ঢাকায় পৌঁছান তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











