নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে টাঙ্গাইলে শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক এই সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ, টাঙ্গাইল সদর সার্কেলের আয়োজনে এবং টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় বিবেকানন্দ স্কুল, কালেক্টরেট গার্লস হাই স্কুল ও পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা, মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব এবং নিরাপদে সড়ক পারাপারের নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় সড়কে চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, ট্রাফিক সংকেত মেনে চলা এবং নিরাপদ সড়ক গড়তে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় উপস্থিত ছিলেন টাঙ্গাইল ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) মোঃ হারুন অর রশিদ। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বিআরটিএ, টাঙ্গাইল সার্কেলের অন্যান্য কর্মকর্তা এবং বিবেকানন্দ স্কুল ও কালেক্টরেট গার্লস হাই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।











