খবরবাংলা ডেস্ক :
পোশাকশিল্পের শ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠকে বসেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং গার্মেন্টস শিল্পের বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত রয়েছেন। বৈঠকে শ্রমিক নেতারা নিজেদের বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।
এর আগে সোমবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পোশাকশিল্পের মালিকপক্ষের নেতারা। ওই বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।
তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বোর্ডের প্রথম সভা হতে পারে, অন্যথায় খুব শিগগিরই সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ ও ঘোষণা করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ এবং জীবনমানের উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। শ্রমিকদের বিষয়গুলো সহানুভূতির সঙ্গে দেখে বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কিছু নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











