খবরবাংলা ডেস্ক
পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ২৪ মিনিটে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
মূলত, নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সোমবার বাংলাদেশের নয়াদিল্লি দূতাবাসে একটি চিঠি পাঠিয়েছেন তার আইনজীবীরা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে চিঠিটি পাঠান।
চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে। এ অবস্থায় তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।
এ ছাড়া শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি থেকে উদ্ভূত বাধ্যবাধকতার ভিত্তিতে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে। এদিকে, রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছেন, তিনি আদালতে আত্মসমর্পণ করতে বাংলাদেশে ফিরতে চান। তার দলের সহযোগীরাও জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।
অন্যদিকে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে এনসিপির অবস্থান তুলে ধরেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম।
তিনি বলেন, ‘আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, যে মানুষ গণহত্যা করেছে এবং তোপের মুখে দেশ ছেড়ে পালিয়েছে, সে (শেখ হাসিনা) যদি দেশে আসতে চায়, তাহলে তাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই নিয়ে আসতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তিনি কিন্তু একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’







