খবরবাংলা ডেস্ক
ময়মনসিংহ নগরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় জুলাই আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহীদ সাগর চত্বরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আগুন ও কালিতে শহীদ সাগরের প্রতিকৃতি কালো হয়ে গেছে। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরা একদল দুর্বৃত্ত চত্বরে একটি টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার প্রতিবাদে সোমবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে চত্বরে আমরণ অনশন শুরু করেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা। পরে বেলা সাড়ে ৩টার দিকে পুলিশ সুপারের আশ্বাসে তাঁরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেন। অনশনে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক ও সমন্বয়ক আনোয়ার হোসেন, জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন, সদস্যসচিব মাজাহারুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সদস্যসচিব খলিলুর রহমান।
অনশনকারীরা চত্বরে ব্যানার বিছিয়ে ফেস্টুন টানান। সেখানে লেখা ছিল, ‘অনশন, সাগর চত্বরে আগুন কেন, প্রশাসন জবাব চাই।’
নগরবাসীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন
অনশনকারী আনোয়ার হোসেন বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মৃতিবিজড়িত একটি চত্বরও যদি নিরাপদ না থাকে, তাহলে নগরবাসীর নিরাপত্তা কোথায়? প্রশাসনের নিষ্ক্রিয়তা তাঁদের উদ্বিগ্ন করছে। তিনি শহীদ সাগর হত্যার বিচার, চত্বরের নিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
জাতীয় ছাত্রশক্তির জেলা আহ্বায়ক আলী হোসেন বলেন, শহীদ সাগর চত্বরে হামলার মধ্য দিয়ে জুলাই বিপ্লবীদের ওপর আবারও আক্রমণের বার্তা দেওয়া হচ্ছে। রাত দেড়টা থেকে পৌনে দুইটার মধ্যে এ ঘটনা ঘটে। তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে আসে। তিনি আরও জানান, এর আগে মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে অভিযোগ করে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে তাঁরা অনশনে বসেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, রাত দেড়টার দিকে মাস্ক ও সাদা ক্যাপ পরা কয়েকজন ব্যক্তি চত্বরে এসে একটি টায়ারে আগুন দেন। তিনি বলেন, কাছাকাছি একটি দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। পাশাপাশি পুলিশের নিয়ন্ত্রণকক্ষের ক্যামেরার ফুটেজও পর্যালোচনা করা হবে। এসব ফুটেজের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
জুলাই আন্দোলনে নিহত হয়েছিলেন সাগর
২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ ও পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন রিদওয়ান হোসেন ওরফে সাগর। তিনি নগরের আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান আসাদ ও রহিমা খাতুনের ছেলে। সাগর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। সিটি করপোরেশনের উদ্যোগে তাঁর স্মরণে পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় শহীদ সাগর চত্বর নির্মাণ করা হয়।









