খবরবাংলা ডেস্ক
সংসদীয় রীতিনীতি, শালীনতা ও পারস্পরিক শ্রদ্ধা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য হলো ভিন্নমত ও ভিন্নপথের সহাবস্থান। আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া আমাদের সবার কর্তব্য।’
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সূচনা বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। হাফিজ উদ্দিন আহমদ বলেন, জাতীয় সংসদ জনগণের সার্বভৌমত্ব, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ও জনমতের সর্বোচ্চ প্রাতিষ্ঠানিক অভিব্যক্তি। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম দীর্ঘ ও ঘটনাবহুল। এ দেশের জনগণ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বারবার সাহস, ত্যাগ ও দৃঢ়তার পরিচয় দিয়েছেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর ডামি নির্বাচন, অন্যায়, জুলুম, নিপীড়ন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছিল। ২৪ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্রের অগ্রযাত্রা সূচিত হয়। গণতন্ত্র ছাড়া কোনো দেশে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।
জাতীয় সংসদের প্রতি জনগণের প্রত্যাশা ব্যাপক উল্লেখ করে স্পিকার বলেন, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।
তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রের মূল শক্তি হলো আলোচনা, যুক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল মতপ্রকাশ। তাই সংসদ সদস্যদের এসব বিষয় মেনে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে।










