খবরবাংলা ডেস্ক :
বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের সংস্করণে প্রথমবারের মতো এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। একই তালিকায় বাংলাদেশ থেকে স্থান পেয়েছেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা।
সম্প্রতি জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশ করেছে ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম বার্ষিক সংস্করণ। এতে ‘পলিটিক্যাল’ বা রাজনৈতিক ব্যক্তিত্ব বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে তারেক রহমানকে।
প্রকাশনায় তারেক রহমানকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে।
তালিকার বিবরণে আরও বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান বিএনপির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের ধারাবাহিকতায় ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তিনি।
এরপর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয় অর্জন করে বলে প্রকাশনায় উল্লেখ করা হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর রাষ্ট্রক্ষমতায় ফেরে দলটি। ২০২৬ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অবসান ঘটে।
তালিকায় আরও দুই বাংলাদেশি নারী
প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২০২৭ সালের সংস্করণে বাংলাদেশের আরও দুজন নারী স্থান পেয়েছেন। তাঁরা হলেন বিশিষ্ট মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও আইনজীবী রাজিয়া সুলতানা। দুজনকেই তালিকার ‘সোশ্যাল ইস্যুজ’ বা সামাজিক বিষয়াবলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ড. হামিদা হোসেন একজন প্রখ্যাত মানবাধিকারকর্মী ও গবেষক। তিনি আইন ও সালিশ কেন্দ্রের (আসক) অন্যতম প্রতিষ্ঠাতা। নারীর অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে নিয়মিত এই তালিকায় স্থান পেয়ে আসছেন তিনি।
অন্যদিকে, রাজিয়া সুলতানা একজন বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকারকর্মী। রোহিঙ্গা সংকট, শরণার্থী নারী ও শিশুদের অধিকার রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজের জন্য বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন তিনি।
তালিকায় নেই ড. মুহাম্মদ ইউনূস
উল্লেখ্য, ২০২৬ সালের আগের সংস্করণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী মুসলিমের তালিকায় ৫০তম স্থানে ছিলেন। তবে ২০২৭ সালের নতুন সংস্করণে তাঁর নাম নেই।
প্রকাশনাটির তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের সক্ষমতার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়।
তালিকার নিয়ম অনুযায়ী, কেবল শীর্ষ ৫০ জন ব্যক্তিত্বকে ১ থেকে ৫০ পর্যন্ত ক্রমানুসারে স্থান দেওয়া হয়। বাকি ৪৫০ জনকে নির্দিষ্ট ক্রমে র্যাঙ্কিং না করে রাজনীতি, ধর্মতত্ত্ব, সমাজসেবা, ব্যবসা, বিজ্ঞান ও সংস্কৃতিসহ মোট ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৭ সালের সংস্করণে বাংলাদেশ থেকে নির্বাচিত তিনজনই র্যাঙ্কিংবিহীন মূল ৪৫০ জনের তালিকায় স্থান পেয়েছেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











