খবরবাংলা ডেস্ক :
শিল্পাঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় চার জেলায় মোট ৪৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের বিভিন্ন শিল্পাঞ্চলে এসব বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন।
এর মধ্যে ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। আশুলিয়ার ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া এলাকায় এসব সদস্য মোতায়েন রয়েছেন।
গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় মোতায়েন করা হয়েছে ১৫ প্লাটুন বিজিবি।
এ ছাড়া নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। শিল্পাঞ্চলের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন তারা।
এদিকে মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের জন্য বিজিবি সদর দপ্তরে মনিটরিং সেল চালু রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। এর মাধ্যমে প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয় করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











