খবরবাংলা ডেস্ক :
চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে কয়েকজন ব্যক্তি এসে ট্রাফিক পুলিশ বক্সটির দেয়ালে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। পরে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নিভিয়ে ফেলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় পুলিশ বক্সটির জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় বক্সের ভেতরের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে পুলিশ বক্সে আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, মঙ্গলবার রাতে পুলিশ বক্সটি বন্ধ ছিল এবং সেখানে কেউ অবস্থান করছিলেন না। দুর্বৃত্তরা সেখানে আগুন দিলেও তা ভেতরে প্রবেশ করতে পারেনি। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।
ওসি আরও বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











