খবরবাংলা ডেস্ক :
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।
রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার পানিহাতা গারোপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকালে গারোপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আমদানি নিষিদ্ধ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করেন বিজিবি সদস্যরা।
জব্দ করা ওষুধের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











