খবরবাংলা ডেস্ক :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তাঁর দাবি, আওয়ামী লীগ দেশে নৈরাজ্য সৃষ্টি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, ‘নিষিদ্ধ আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশের একটি টেরোরিস্ট রাজনৈতিক দল। এই দল নৈরাজ্য সৃষ্টি করে সন্ত্রাস শুরু করেছে। তারা আগুন দিয়ে মানুষের বাড়ি পুড়িয়ে দেয়। গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে। হেলপার-ড্রাইভারকে পুড়িয়ে মারে।’
তিনি আরও বলেন, আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এ কারণে দলটির বিরুদ্ধে বিএনপির নেতা-কর্মীদের রাস্তায় নামতে হয়েছে। গত ১৭ বছর নাটোরসহ সারা দেশের মানুষকে জিম্মি করে রেখেছিল নিষিদ্ধ এই সংগঠন।
বিএনপির রাজনীতির প্রসঙ্গ টেনে দুলু বলেন, বিএনপি আগুন দিয়ে মানুষের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার রাজনীতি করে না। খালেদা জিয়া কখনো মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি করেননি, তারেক রহমানও তা করবেন না। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষকে জিম্মি করে পুড়িয়ে মারার রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, গোটা পৃথিবী তাদের কর্মকাণ্ড দেখছে। নিজেদের অন্যায় কর্মকাণ্ডের কারণেই দলটি আন্তর্জাতিকভাবে সমালোচিত হচ্ছে।
হুইপ আরও দাবি করেন, বিশ্বখ্যাত সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস আওয়ামী লীগকে সন্ত্রাসী রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তাদের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
সমাবেশে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন ও কাজী শাহ আলম এবং জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অন্য নেতারা।
এর আগে, সারা দেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার সকালে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











