খবরবাংলা ডেস্ক :
শত শত বছর ধরে পারদকে স্বর্ণে রূপান্তরের স্বপ্ন দেখে এসেছেন বিজ্ঞানী ও গবেষকরা। এবার সেই স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে যাওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক ফিউশন স্টার্টআপ প্রতিষ্ঠান ম্যারাথন ফিউশন। প্রতিষ্ঠানটির দাবি, নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে উৎপন্ন নিউট্রন ব্যবহার করে পরীক্ষামূলকভাবে পারদ থেকে স্বর্ণ তৈরি করতে সক্ষম হয়েছে তারা।
২০২৬ সালের অক্টোবরে প্রতিষ্ঠানটির এ ঘোষণা সামনে আসার পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভবিষ্যতে যদি গবেষণাটি বাণিজ্যিকভাবে সফল হয়, তাহলে ল্যাবে তৈরি স্বর্ণ কি প্রচলিত খনিভিত্তিক স্বর্ণের বাজারে প্রভাব ফেলতে পারবে?
বিশেষজ্ঞদের মতে, বৈজ্ঞানিক দিক থেকে এটি একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হলেও বাণিজ্যিকভাবে স্বর্ণ উৎপাদনের পর্যায়ে পৌঁছাতে এখনো অনেক পথ বাকি। কারণ পরীক্ষাগারে অল্প পরিমাণ স্বর্ণ তৈরি করা আর বিশ্ববাজারে হাজার হাজার টন স্বর্ণ সরবরাহ করা সম্পূর্ণ ভিন্ন বিষয়।
সেঞ্চুরি ফিন্যান্সিয়ালের প্রধান বিনিয়োগ কর্মকর্তা বিজয় ভালেচা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অগ্রগতি। তবে পরীক্ষাগারে স্বর্ণ তৈরি করা এবং খনির বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে কার্যকর উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মধ্যে এখনো বড় ব্যবধান রয়েছে।
ল্যাবে তৈরি হীরা ও স্বর্ণের মধ্যে পার্থক্য
ল্যাবে তৈরি হীরা কয়েক দশক ধরেই বাজারে রয়েছে। হীরা মূলত কার্বন দিয়ে তৈরি হওয়ায় কৃত্রিমভাবে একই ধরনের পরিবেশ সৃষ্টি করে খনিতে পাওয়া হীরার প্রায় সমান রাসায়নিক ও ভৌত বৈশিষ্ট্যের হীরা তৈরি করা সম্ভব।
কিন্তু স্বর্ণের বিষয়টি আলাদা। এটি একটি মৌলিক রাসায়নিক উপাদান। সাধারণ শিল্পপ্রক্রিয়ায় স্বর্ণ তৈরি করা যায় না। পারদের মতো অন্য একটি মৌলের নিউক্লিয়াসে পরিবর্তন এনে পারমাণবিক বিক্রিয়ার মাধ্যমে স্বর্ণ উৎপাদন করতে হয়।
ইটোরোর বাজার বিশ্লেষক নাগহাম হাসান বলেন, ল্যাবে তৈরি স্বর্ণও হবে খনিতে পাওয়া স্বর্ণের মতো একই আইসোটোপ ‘গোল্ড-১৯৭’। ফলে ল্যাবে তৈরি হীরার মতো কম দামের বিকল্প হিসেবে এটি বাজারে আসার সম্ভাবনা নেই।
এখনো ল্যাবে তৈরি স্বর্ণের কোনো প্রতিষ্ঠিত বাজার গড়ে ওঠেনি। ফলে এর দাম বা বিনিয়োগমূল্যও নির্ধারণ করা সম্ভব হয়নি।
পাঁচ টন উৎপাদনের বিপরীতে বিশ্ববাজারে হাজার হাজার টন স্বর্ণ
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে মোট স্বর্ণের সরবরাহ ছিল প্রায় ৫ হাজার ২ টন। এর মধ্যে খনি থেকে উৎপাদিত হয়েছে প্রায় ৩ হাজার ৬৭২ টন এবং পুনর্ব্যবহারের মাধ্যমে এসেছে প্রায় ১ হাজার ৪০৪ টন।
ম্যারাথন ফিউশনের হিসাব অনুযায়ী, ভবিষ্যতে একটি বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎকেন্দ্র প্রতি গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার বিপরীতে বছরে প্রায় পাঁচ টন স্বর্ণ উৎপাদন করতে পারে।
বিশেষজ্ঞদের হিসাব বলছে, একটি কেন্দ্র বছরে পাঁচ টন স্বর্ণ উৎপাদন করলেও তা ২০২৫ সালের বৈশ্বিক মোট সরবরাহের মাত্র শূন্য দশমিক ১ শতাংশ।
তবে ভবিষ্যতে এ ধরনের ১০০টি কেন্দ্র চালু করা সম্ভব হলে বছরে মোট ৫০০ টন স্বর্ণ উৎপাদন হতে পারে। যা ২০২৫ সালের বৈশ্বিক স্বর্ণ সরবরাহের প্রায় ১০ শতাংশ এবং খনি থেকে উৎপাদিত স্বর্ণের প্রায় ১৩ দশমিক ৬ শতাংশের সমান।
তবে এই হিসাব এখনো তাত্ত্বিক। কারণ বাণিজ্যিকভাবে ফিউশন প্রযুক্তি এখনো বৃহৎ পরিসরে চালু হয়নি। স্বর্ণ উৎপাদনে সবচেয়ে বড় বাধা প্রযুক্তি ও খরচ ল্যাবে স্বর্ণ তৈরির ক্ষেত্রে কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে।
প্রথমত, এ প্রযুক্তি বাস্তবায়নে বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎকেন্দ্র প্রয়োজন। কিন্তু এখনো এ ধরনের বিদ্যুৎকেন্দ্র বৃহৎ পরিসরে চালু করা সম্ভব হয়নি।
দ্বিতীয়ত, স্বর্ণ উৎপাদনের এ প্রক্রিয়ায় পারদের নির্দিষ্ট আইসোটোপ ‘মারকারি-১৯৮’ প্রয়োজন। প্রাকৃতিক পারদের মাত্র প্রায় এক-দশমাংশ এই প্রক্রিয়ার উপযোগী। প্রয়োজনীয় আইসোটোপ আলাদা করার প্রযুক্তিও এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে।
তৃতীয়ত, এ প্রক্রিয়ায় তেজস্ক্রিয় উপাদান তৈরি হয়। ম্যারাথন ফিউশনের নিজস্ব মডেল অনুযায়ী, উৎপাদিত উপাদানকে প্রায় ১৪ থেকে ১৮ বছর সংরক্ষণ করতে হতে পারে, যাতে তেজস্ক্রিয়তার মাত্রা কমে আসে।
নাগহাম হাসানের মতে, ২০৩০-এর দশকে কোনো বাণিজ্যিক ফিউশন প্ল্যান্ট চালু হলেও সেখান থেকে উৎপাদিত স্বর্ণ বাজারে বিক্রির উপযোগী হতে ২০৪০-এর দশকের শেষভাগ পর্যন্ত সময় লাগতে পারে।
দুবাই ও মধ্যপ্রাচ্যের স্বর্ণবাজারে কী প্রভাব পড়বে?
মধ্যপ্রাচ্যে স্বর্ণ শুধু বিনিয়োগের মাধ্যম নয়, বরং সংস্কৃতি, অলংকার ও আন্তর্জাতিক বাণিজ্যেরও গুরুত্বপূর্ণ অংশ। ২০২৫ সালে দুবাইয়ের স্বর্ণ বাণিজ্যের পরিমাণ প্রায় ৬০ শতাংশ বেড়ে প্রায় ১ ট্রিলিয়ন দিরহামে পৌঁছেছিল।
দুবাই ইতোমধ্যে ল্যাবে তৈরি হীরার জন্য আলাদা বাণিজ্যিক কাঠামো তৈরি করেছে। তবে ল্যাবে তৈরি স্বর্ণের ক্ষেত্রে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ আরও বেশি হতে পারে।
আন্তর্জাতিক ব্যাংক ও এক্সচেঞ্জে স্বর্ণ গ্রহণযোগ্য হতে সাধারণত অনুমোদিত ‘গুড ডেলিভারি’ রিফাইনারির নির্ধারিত মান পূরণ করতে হয়। কিন্তু ল্যাবে তৈরি স্বর্ণের জন্য এখনো কোনো স্বীকৃত সার্টিফিকেশন বা এক্সচেঞ্জ কাঠামো নেই।
এ ছাড়া উৎপাদনপ্রক্রিয়ায় তেজস্ক্রিয় উপাদান তৈরি হওয়ার কারণে বিশুদ্ধতা, দূষণ ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন থাকবে।
বিনিয়োগকারীদের জন্য এখনই বড় কোনো পরিবর্তন নয়
বিশেষজ্ঞদের মতে, আপাতত ল্যাবে তৈরি স্বর্ণের কারণে বিশ্ববাজারে বিনিয়োগের চিত্র বদলে যাওয়ার সম্ভাবনা কম।
২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বে স্বর্ণের বার ও কয়েনের চাহিদা ছিল ৭৮৪ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। একই সময়ে স্বর্ণভিত্তিক ইটিএফেও বড় অঙ্কের বিনিয়োগ এসেছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে স্বর্ণের দাম নির্ধারণে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনা, সুদের হারের প্রত্যাশা এবং ভূরাজনৈতিক অনিশ্চয়তার মতো বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ।
তবে ভবিষ্যতে ফিউশন প্রযুক্তি বাণিজ্যিকভাবে সফল হলে এবং বিদ্যুৎ উৎপাদনের পার্শ্বপণ্য হিসেবে স্বর্ণ তৈরি লাভজনক হয়ে উঠলে বিশ্ববাজারে নতুন একটি সরবরাহ উৎস তৈরি হতে পারে।
এর আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিশ্চিত হওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে ম্যারাথন ফিউশনের গবেষণার ফলাফল স্বাধীনভাবে যাচাই, প্রকৃত উৎপাদন খরচ ও পরিমাণ প্রকাশ, প্রয়োজনীয় পারদের আইসোটোপ আলাদা করার সক্ষমতা অর্জন এবং বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎকেন্দ্র চালুর সম্ভাব্যতা প্রমাণ।
সব মিলিয়ে পারদ থেকে স্বর্ণ তৈরির প্রযুক্তি বিজ্ঞানের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দুয়ার খুললেও প্রচলিত স্বর্ণবাজারে এর প্রভাব পড়তে এখনো দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। আপাতত ল্যাবে তৈরি স্বর্ণকে নতুন বিনিয়োগের মাধ্যমের পরিবর্তে উদীয়মান বৈজ্ঞানিক সম্ভাবনা হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।











