খবরবাংলা ডেস্ক :
আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা।
ডিসেম্বরকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা জারি ও অতিরিক্ত সদস্য মোতায়েনের বিষয়ে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধ করা বিজিবির নিয়মিত দায়িত্ব। তবে ডিসেম্বর নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকায় এ বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
তিনি বলেন, আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তাদের কেউ কেউ দেশে প্রবেশের চেষ্টা করতে পারেন। এ ছাড়া তাদের অনেকের বিরুদ্ধে মামলা রয়েছে। কেউ দেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে চায় সরকার।
আওয়ামী লীগকে কেন্দ্র করে নেতাকর্মীদের দেশে ফিরে আসা নিয়ে একধরনের ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি। এ পরিস্থিতিতে কোনো অভিযুক্ত আসামি যেন সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করতে না পারেন, সে বিষয়ে বিজিবির বাড়তি সতর্কতা থাকতে পারে বলে জানান উপদেষ্টা।
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গেও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশে আসবেন কি না, সে বিষয়ে তার সঙ্গে সরকারের কোনো আলোচনার সুযোগ নেই। বিষয়টি বাংলাদেশের সঙ্গে ভারতের আলোচনার বিষয়।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চায়। তবে তিনি বাংলাদেশ বিমানে আসবেন, নাকি অন্য কোনো বিমানে করে ফিরবেন, তা পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











