খবরবাংলা ডেস্ক :
দেশের প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি বাড়ানোর লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
মন্ত্রী জানান, প্রাণিসম্পদ খাতের উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পদক দেওয়া হবে। জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজন করা হচ্ছে মেলা ও প্রদর্শনী।
এ আয়োজনে দর্শনার্থীদের জন্য থাকবে ৬৪টি স্টল ও ৬টি প্যাভিলিয়ন। প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হবে মেলা ও প্রদর্শনীতে।
সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ খাতের রপ্তানি পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী আরও জানান, গত চার মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও চীনসহ বিশ্বের বিভিন্ন দেশে ৩০৯ কোটি টাকার প্রাণী ও প্রাণিজাত পণ্য রপ্তানি হয়েছে।
প্রাণিসম্পদ খাতের উৎপাদন ও রপ্তানি সম্প্রসারণের পাশাপাশি এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করতেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আয়োজন করা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।











