খবরবাংলা ডেস্ক :
বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি এবং এ দেশে বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক ও অশুল্ক বাধা দূর করারও অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি এসব আহ্বান জানান।
সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে দায়িত্ব পালনে বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের প্রতি শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান তিনি।
এ সময় রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ভিয়েতনামের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দেশটি সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে ভিয়েতনাম সফরে সম্মতি প্রকাশ করেন।
দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে দেশটির উদ্যোগ কামনা করেন।
তিনি বিশেষভাবে বাংলাদেশ থেকে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল, কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য মানসম্পন্ন এবং দামের দিক থেকেও প্রতিযোগিতামূলক।
এ বছরের মার্চ থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে রাষ্ট্রদূত দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে ভিয়েতনামের ইতিবাচক উদ্যোগের কথা জানান।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরে রাষ্ট্রপতি ভিয়েতনামের বিনিয়োগকারীদের মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা এবং কৃষিভিত্তিক পণ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আহ্বান জানান। এ ছাড়া বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ করেন তিনি।
সাক্ষাতে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রসঙ্গও উঠে আসে। মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে নিজ দেশে ফিরিয়ে নিতে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি।
গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চান তিনি। জবাবে রাষ্ট্রদূত এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোট রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায় ভিয়েতনামের সমর্থন কামনা করেন রাষ্ট্রপতি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











