খবরবাংলা ডেস্ক :
ডলারসংকটের কারণে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ কমে যাওয়া এবং রপ্তানি আয় প্রত্যাশিত মাত্রায় না বাড়ায় বাজারে চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাচ্ছে না। ফলে ব্যাংকিং চ্যানেলের পাশাপাশি খোলা বাজারেও বেড়েছে ডলারের দাম। বর্তমানে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, যা দুই সপ্তাহ আগেও ছিল ১২৮ থেকে ১২৯ টাকা।
গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থানে ১৩০ টাকার নিচে ডলার পাওয়া যায়নি। বাংলাদেশ ব্যাংক বাজারে ডলার সরবরাহ করেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারছে না। এতে আমদানিকারক ব্যবসায়ীরা ব্যাংকে ঋণপত্র (এলসি) খুলতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন। অনেক ক্ষেত্রে চাহিদামতো এলসি খোলা সম্ভব হচ্ছে না। আবার এলসি খোলার পর ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি ব্যয়ও বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, এলসি খোলার ক্ষেত্রে ডলারের কোনো সংকট নেই। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী ডলার সরবরাহ করা হবে। তবে ব্যাংকারদের দাবি, ডলারের বাড়তি চাহিদার তুলনায় সরবরাহ পর্যাপ্ত না থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। বিশেষ করে জ্বালানি তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানির দায় মেটাতে ব্যাংকগুলোর বেশি ডলার প্রয়োজন হচ্ছে।
বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) সূত্রে জানা গেছে, সংগঠনটির ৫৪টি সদস্য ব্যাংক বিভিন্ন দরে ১২৫ থেকে ১২৮ টাকায় নগদ ডলার বিক্রি করেছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকও ব্যাংকিং চ্যানেলে ১২৫ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রির তথ্য জানিয়েছে। তবে ব্যাংকিং চ্যানেলের বাইরে ডলারের দাম ১২৮ টাকার বেশি পাওয়া যাচ্ছে।
অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ডলারের গড় বিনিময় হার ১২৪ টাকা ৭৩ পয়সা এবং সর্বোচ্চ দর ১২৪ টাকা ৭৫ পয়সা। চলতি সপ্তাহের শুরুতে কয়েকটি বেসরকারি ব্যাংক আমদানির এলসি বিল পরিশোধে প্রতি ডলারের দর নিয়েছিল ১২৬ থেকে ১২৭ টাকা। গতকাল সেই দর বেড়ে দাঁড়িয়েছে ১২৮ থেকে ১২৯ টাকায়।
ডলারের বাড়তি চাহিদা সামাল দিতে বাংলাদেশ ব্যাংক একাধিকবার প্রায় ৭০০ মিলিয়ন ডলার বিক্রি করেছে। এসব ডলার ১২৪ টাকা ৭৫ পয়সা থেকে ১২৪ টাকা ৯৯ পয়সা, ১২৪ টাকা ২৫ পয়সা এবং ১২৩ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি করা হয়। এরপরও বাজারে ডলারের চাপ পুরোপুরি কমেনি।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত ১২ নভেম্বর ডলারের স্পট রেফারেন্স রেট ছিল ১২৪ টাকা ৮৬ পয়সা। এর আগের দিন ১১ নভেম্বর এ হার ছিল ১২৪ টাকা ৬৩ পয়সা। এক মাস আগে আন্তব্যাংক বাজারে ডলারের গড় দর ছিল ১২৩ টাকা ২৮ পয়সা। অর্থাৎ অল্প সময়ের ব্যবধানে ডলারের বিনিময় হারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।
এদিকে জ্বালানি তেল, এলএনজি, ভোগ্যপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় পণ্য আমদানিতে ডলারের চাহিদা বাড়ছে। সামনে রমজান মাস থাকায় খাদ্যপণ্যের আমদানি বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছেন ব্যবসায়ীরা। এতে বৈদেশিক মুদ্রার ওপর চাপ আরও বাড়ছে।
তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে পণ্য আমদানির ব্যয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ১০ শতাংশ বেড়েছে। বিপরীতে রপ্তানি আয় বেড়েছে ৭ শতাংশ। ফলে আমদানি ও রপ্তানি আয়ের ব্যবধানও বড় হয়েছে। এ সময়ে বাণিজ্য ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৭৪৭ কোটি ডলারে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৭১ কোটি ডলার।
খোলা বাজারে ব্যাংকিং চ্যানেলের তুলনায় প্রতি ডলারে ৩ থেকে ৪ টাকা বেশি দিতে হচ্ছে। এতে বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাজারের মধ্যে ব্যবধান তৈরি হয়েছে। চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণের প্রয়োজনে ডলার কিনতে গিয়ে সাধারণ মানুষকেও বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, খোলা বাজারের ডলারের দর দিয়ে বাস্তব পরিস্থিতি বোঝা যাবে না। চলতি মাসের শুরুতে কিছুটা সংকট তৈরি হলেও ব্যাংকিং খাতে বর্তমানে কোনো সংকট নেই বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, ব্যবসায়ী ও ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক করে এলসি খোলার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করা হয়েছে। রমজান উপলক্ষে খাদ্যপণ্য আমদানির ঋণপত্রের অর্থ পরিশোধেও বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করবে। চাহিদা অনুযায়ী ডলার পাওয়া যাবে এবং এলসি নিষ্পত্তিতে সমস্যা হবে না বলেও জানান তিনি।
অন্যদিকে বিশিষ্ট ব্যাংকার ও এবি ব্যাংকের চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, সম্প্রতি বাজারে ডলারের চাহিদা বেড়েছে। রেমিট্যান্স বাড়লেও রপ্তানি কমেছে এবং আমদানি অনেক বেড়েছে। এসব কারণে খোলা বাজারে ডলারের দাম বাড়ছে। তবে বাংলাদেশ ব্যাংক সহায়তা দিচ্ছে, ফলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।
তথ্য সূত্র : কালের কণ্ঠ










