খবরবাংলা ডেস্ক :
রাজধানীর নিউমার্কেট থানার ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেনের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে সুইডেন আসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান তাঁকে আরও ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, ডিএমপি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও আসামি মামলার মূল রহস্য এড়িয়ে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের অবস্থান সম্পর্কেও তিনি সন্তোষজনক তথ্য দিতে পারেননি।
আবেদনে আরও বলা হয়, স্থানীয় তদন্তে টিটন হত্যাকাণ্ডে সুইডেন আসলামের সরাসরি সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে। তদন্ত কর্মকর্তার দাবি, দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে যুক্ত থেকে তিনি একটি বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
এ ছাড়া রাজধানীর বছিলা গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধেও সুইডেন আসলামের ইন্ধন থাকার তথ্য পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়। বিভিন্ন সময়ে সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
আবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর জামিনে মুক্তি পান সুইডেন আসলাম। এরপর রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি ও মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্ত কর্মকর্তার দাবি, ১৯৮৬ সালের শাকিল হত্যা, নব্বইয়ের দশকে কামরুল ও মিজান হত্যা এবং বিভিন্ন সময়ে সংঘটিত আরও কয়েকটি হত্যাকাণ্ডসহ চাঁদাবাজি ও হত্যাচেষ্টার প্রায় ২২টি মামলার আসামি সুইডেন আসলাম। তাঁর ভয়ে কয়েকটি মামলার সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন বলেও রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মাহবুব আলম রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।
এর আগে গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইডেন আসলামকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ২৩ নভেম্বর তাঁকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
যেভাবে হত্যা করা হয় টিটনকে
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ আগস্ট জামিনে কারামুক্ত হওয়ার পর ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে বিভিন্ন মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতেন।
ঘটনার কয়েক দিন আগে টিটন তাঁর বড় ভাইকে জানান, বছিলা গরুর হাটের ইজারার শিডিউল কেনার পরিকল্পনা করছেন। এ নিয়ে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান ও রনি ওরফে ভাঙ্গারী রনিদের সঙ্গে তাঁর বিরোধ তৈরি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গত ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে জানান, বিরোধের পক্ষগুলো তাঁকে ডেকেছে এবং আলোচনার মাধ্যমে সমঝোতা করে কাজ করার পরিকল্পনা রয়েছে।
পরদিন ২৮ এপ্রিল রাত ১১টার দিকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে রিপন জানতে পারেন, নিউমার্কেট থানার আওতাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় টিটনকে গুলি করা হয়েছে। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সময়ে ২২টি মামলা হয়েছে, যার মধ্যে ৯টি হত্যা মামলা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।











