অলক কুমার, টাঙ্গাইল :
ব্যাপক অনিয়ম ও দুর্নীতির চিত্র বেড়িয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) পরিদর্শনে। পরিদর্শন শেষে সাংবাদিকদের দেয়া এক বক্তব্যে তিনি এসব বিষয়ে অভিযোগ তোলেন।
১২ কোটি টাকা মূল্যের হার্ডের ক্যাথল্যাব থাকতে অন্যত্র রেফার্ড করা, এমআরআই, সিটিস্ক্যানসহ গুরত্বপূর্ণ পরীক্ষার মেশিন থাকতে না করা, প্যাথলজি বিভাগে রক্তের টেস্টের ফি ২০ টাকার পরিবর্তে আদায় করা হয়েছে ৯০০ টাকা আদায়সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়ম, দুর্নীতি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছেন তিনি।
এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালে যাতে রাত ৮ টা পর্যন্ত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়, সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি। শনিবার দিনব্যাপী টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন কালে বিভিন্ন বিভাগে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান তিনি। পরিদর্শনকালে দুই জন দুর্নীতির দুটি সুনির্দিষ্ট অভিযোগ পত্র জমা দেন। সেখানে দেখা গেছে, এক রোগির কাছ থেকে রক্তের পরিক্ষার জন্য ৯০০ টাকা ও আরেক রোগির কাছ থেকে ৩৫০ টাকা নেয়া হলেও সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে মাত্র ২০ টাকা করে।
তিনি বলেন, মেডিসিন ও বিভিন্ন সরাঞ্জমের স্টোর রুমসহ বিভিন্ন বিভাগেই বছরের পর বছর অনিয়ম দুর্নীতি হয়েই যাচ্ছে। প্রত্যেকটা অনিয়ম দুর্নীতি আমরা লিপিবদ্ধ করেছি। স্টোর রুমে ডেন্টাল, প্যাথলজি বিভাগসহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মেশিন ও যন্ত্রাংশ থাকলেও তার সুনির্দিষ্ট কোন কাগজ দেখাতে পারেনি। এছাড়াও অনেক পরিক্ষার নিরীক্ষার যত্র আনবক্সিং পর্যন্ত করা হয়নি।
এছাড়াও সরকারি নিয়ম বর্হিঃভূতভাবে একটি ওয়েভসাইট করা হয়েছে। যা সরকারি নিয়ম অনুযায়ী অপরাধ। এছাড়াও হাসপাতালের হিসাব রক্ষক ৫ আগস্ট পরিবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামী হয়েছেন। এরপর তিনি প্রায় ১০ মাসের মতো ছুটি কাটিয়েছেন।
ছুটির সময় বিভিন্ন বিএ টিএ বিল তুলেছেন তিনি। এ সব অনিয়মের হাসপাতালের পরিচালক সহযোগিতা করেছেন। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তদন্তের প্রতিবেদন অধিদপ্তরে পাঠানোর আগে সাংবাদিকদের সামনে উপস্থানের নির্দেশনা দেন তিনি।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. আব্দুল কুদ্দুস বলেন, হাসপাতালের ইমার্জেন্সিসহ বিভিন্ন বিভাগে জনবল সংকটের কারনে অনিয়ম, দুর্নীতি হয়েছে।










