খবরবাংলা ডেস্ক :
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন ব্রাজিলের তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দিয়েছেন তিনি। তবে ম্যাচ শেষে তার পারফরম্যান্সের চেয়েও বেশি আলোচনায় এসেছে দ্বিতীয় গোলটি এবং সেটিকে ঘিরে কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে করা একটি মজার বাজি।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রুনো গিমারেসের নিখুঁত ক্রস থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান ভিনিসিয়ুস। সাধারণত পা দিয়ে গোল করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করা এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হেডে গোল অনেককেই বিস্মিত করেছে।
ম্যাচ শেষে ভিনিসিয়ুস জানান, এই গোলের পেছনে রয়েছে কোচ আনচেলত্তির সঙ্গে করা একটি চ্যালেঞ্জ। তিনি বলেন, “আমি কার্লো আনচেলত্তিকে কথা দিয়েছিলাম, একদিন হেড দিয়ে গোল করব। তখন তিনি বলেছিলেন, এটা প্রায় অসম্ভব। তবে যদি আমি তা করতে পারি, তাহলে আমাকে একটি উপহার দেবেন। এখন আমি সেই উপহারের অপেক্ষায় আছি।”
স্কটল্যান্ডের বিপক্ষে দুই গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা চারটিতে উন্নীত করেছেন ভিনিসিয়ুস। পাশাপাশি তার নামের পাশে রয়েছে একটি অ্যাসিস্টও। ফলে টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্রাজিলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
এই ম্যাচে গোল করার মাধ্যমে একটি বিশেষ কীর্তিও গড়েছেন ভিনিসিয়ুস। ২০০২ সালের পর প্রথম ব্রাজিলিয়ান ফুটবলার হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের টানা তিন ম্যাচে গোল করার রেকর্ড গড়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে চোটে থাকা নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমণভাগের প্রধান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন ভিনিসিয়ুস। নেইমার জাতীয় দলে ফিরলেও ২০২৬ বিশ্বকাপে সেলেসাওদের আক্রমণের অন্যতম প্রধান ভরসা যে ভিনিসিয়ুসই, সেটি আবারও প্রমাণ করলেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











