খবর বাংলা ডেস্ক :
২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর অন্যতম আকর্ষণীয় ম্যাচে আজ রাতে মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও অস্ট্রিয়া। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও অস্ট্রিয়াকে নিয়ে সতর্ক ফুটবল বিশ্লেষকরা।
প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে লিওনেল স্কালোনির দল। সেই ম্যাচে হ্যাটট্রিক করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৬-তে উন্নীত করেন অধিনায়ক লিওনেল মেসি। ফলে তিনি জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড স্পর্শ করেছেন। অস্ট্রিয়ার বিপক্ষে আর একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে এককভাবে বসবেন আর্জেন্টাইন মহাতারকা।
সব প্রতিযোগিতা মিলিয়ে আর্জেন্টিনা বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ ১৬ ম্যাচের মধ্যে ১৪টিতেই জয় পেয়েছে দলটি। টানা আট জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অন্যদিকে, ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে দারুণ বার্তা দিয়েছে অস্ট্রিয়া। রাল্ফ রাংনিকের অধীনে শেষ ১২ ম্যাচে ১০টি জয় পেয়েছে ইউরোপের দলটি।
বিশ্লেষকদের মতে, অস্ট্রিয়ার হাই-প্রেসিং কৌশল এবং দ্রুত পাল্টা আক্রমণ আর্জেন্টিনার জন্য চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশেষ করে সেট-পিস পরিস্থিতিতে তারা বেশ কার্যকর।
তবে ম্যাচটির সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি। বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা এই তারকার দিকে থাকবে ফুটবল বিশ্বের কোটি দর্শকের নজর।
কিছু বিশ্লেষক ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেছেন। তাদের মতে, আর্জেন্টিনার হয়ে মেসি ও হুলিয়ান আলভারেজ এবং অস্ট্রিয়ার হয়ে মার্কো আরনাউটোভিচ ও মার্সেল সাবিৎজার গোল পেতে পারেন।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











