খবরবাংলা ডেস্ক :
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। তিন দিনব্যাপী এ সংলাপে মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করার পরিকল্পনা রয়েছে কমিশনের। প্রথম দিনে আমন্ত্রণ জানানো হয়েছে ১৮টি দলকে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। এর আগে সকাল থেকেই একে একে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্বাচন ভবনে উপস্থিত হন।
সংলাপের সূচনা বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, সব পক্ষের সহযোগিতা ছাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব নয়। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য তিনি রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেন।
সিইসি আরও বলেন, নির্বাচনে যত ধরনের চ্যালেঞ্জই আসুক না কেন, সবাইকে সম্মিলিতভাবে তা মোকাবিলা করতে হবে।
প্রথম দিনের সংলাপে এখন পর্যন্ত জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির কোনো প্রতিনিধি অংশ নেননি। জামায়াতে ইসলামী এককভাবে নয়, জোটগতভাবে তাদের আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছে। তবে এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এবি পার্টির মধ্যে মতভেদ রয়েছে।
নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, আগামীকাল সোমবার বিএনপিসহ ১৯টি রাজনৈতিক দলের সঙ্গে এবং মঙ্গলবার এনসিপিসহ ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে জানা গেছে, পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মতামত ও সহযোগিতা চাওয়ার অংশ হিসেবেই এ সংলাপের আয়োজন করেছে কমিশন।
তথ্য সূত্র : যমুনা টিভি











