খবর বাংলা ডেস্ক :
ইরান থেকে ইসরায়েল-এর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। তেহরানসহ কয়েকটি শহরে হামলার পর এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এবং সেগুলো প্রতিহত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আসা কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সতর্কতা হিসেবে দেশের বিভিন্ন স্থানে সাইরেন বাজানো হয়েছে।
বিবৃতিতে সাধারণ জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়। ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা হুমকি প্রতিহত করতে এবং প্রয়োজন হলে পাল্টা ব্যবস্থা নিতে কাজ করছে। একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, প্রতিরক্ষাব্যবস্থা শতভাগ নির্ভুল নয়, তাই নিরাপত্তা নির্দেশনা মেনে চলা জরুরি।
এদিকে ইরানি পার্লামেন্ট-এর জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেছেন, তাদের আগে সতর্ক করা হয়েছিল এবং এখন পরিস্থিতির পরিণতি সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ইরানি কর্মকর্তারা পূর্বেও সতর্ক করেছিলেন, দেশটির ওপর যেকোনো আক্রমণ পুরো অঞ্চলকে বড় সংঘাতে জড়িয়ে ফেলতে পারে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











