কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনের সময় হাসপাতালের অবকাঠামো, জনবল সংকট, চিকিৎসা সরঞ্জামসহ বিভিন্ন সমস্যার বিষয়ে অবহিত হন তিনি। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় সমস্যার তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।
পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এমপি লুৎফর রহমান মতিন বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের ভরসার জায়গা। তাই এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের প্রতি আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে সেবা দিতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং যথাযথ চিকিৎসা পান, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদেরও হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রমে সহযোগিতা করার এবং চিকিৎসকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন।
পরিদর্শনকালে কালিহাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিনাত আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফারুক হাসান সাফিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











