কালিহাতী সংবাদ দাতা
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অভিযান চালিয়ে পারিবারিক আদালতের ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩।
রোববার (২৬ জুলাই) র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পর শনিবার (২৫ জুলাই) রাতে কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টাঙ্গাইল পারিবারিক আদালতের মোকদ্দমা নং-৫৩৯/২৫-এর ৩ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. রুবেল ওরফে ফাইল্যা (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুবেল কালিহাতী উপজেলার সাতুটিয়া পূর্বপাড়া গ্রামের মো. আব্দুল হামিদ মিয়ার ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।











