খবর বাংলা ডেস্ক :
কুমিল্লার মুরাদনগরে দুই লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের জামায়াতে ইসলামীর এক নেতাকে স্থানীয়রা আটক করেছেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে নিয়ে যায়।
বুধবার দুপুরে উপজেলার ছালিয়াকান্দি এলাকায় একটি ব্যক্তিগত গাড়ি থেকে বাজারের ব্যাগে রাখা টাকাসহ তাকে আটক করা হয়। আটক হাবীবুর রহমান হেলালী কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ইউসুফ হাকিমের ছালিয়াকান্দি ভোটকেন্দ্রের প্রধান সমন্বয়ক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ধামগড় এলাকা থেকে গাড়িতে করে আসার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির পেছনে একটি ব্যাগ থেকে কম্বল দিয়ে ঢেকে রাখা এক হাজার টাকার নোটের দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল রহমান বলেন, খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি টাকা বিতরণের সময় হাতেনাতে ধরা পড়েননি। বিষয়টি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











