খবরবাংলা ডেস্ক :
গোপালগঞ্জে সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে প্রায় ১ লাখ ৭০ হাজার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব বন্ধ রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠানো ও নগদ অর্থ উত্তোলন করতে পারছেন না সংশ্লিষ্ট গ্রাহকেরা। হঠাৎ করে হিসাবের লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় জেলার সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক ভোগান্তিতে পড়েছেন।
রোববার দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএফআইইউর দেওয়া তথ্যের ভিত্তিতে এসব হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে।
সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হিসাবগুলো ব্যবহার করে অর্থ স্থানান্তর কিংবা অন্য কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে বলেও জানান তিনি।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, এসব হিসাবের লেনদেনে অস্বাভাবিকতা ও সন্দেহজনক কার্যক্রমের তথ্য পর্যালোচনা করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে হিসাবগুলোর সঙ্গে কারা জড়িত, এসবের মাধ্যমে কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং এর পেছনে কী ধরনের অপরাধের সংশ্লিষ্টতা রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত চলছে।
এদিকে, হিসাবের লেনদেন স্থগিত হওয়ায় গ্রাহকদের দৈনন্দিন আর্থিক কর্মকাণ্ডে প্রভাব পড়েছে। ব্যক্তিগত প্রয়োজন থেকে শুরু করে ব্যবসায়িক লেনদেন—সব ক্ষেত্রেই সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশেষ করে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীরা নিয়মিত লেনদেন করতে না পেরে বিপাকে পড়েছেন।
গত বুধবার রাত থেকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় গ্রাহকদের মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ হতে শুরু করে। এরপর পর্যায়ক্রমে আরও অনেক হিসাবের লেনদেন স্থগিত করা হয়।
রোববার সকালেও জেলার বিভিন্ন এজেন্ট পয়েন্টে টাকা উত্তোলন ও পাঠাতে আসেন গ্রাহকেরা। তবে লেনদেন বন্ধ থাকার বার্তা পেয়ে প্রয়োজনীয় সেবা না নিয়েই ফিরে যেতে হয় তাঁদের।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











