গোপালপুর সংবাদ দাতা
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপজেলার ডুবাইল আটাপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে জেমি (২৪) নামে এক নারীকে আটক করা হয়। তিনি খন্দকার আব্দুল জলিল ওরফে জ্ঞানীর মেয়ে।
অভিযানকালে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং প্রায় ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আটক নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। তবে তিনি বেশিরভাগ সময় ঘাটাইল এলাকায় অবস্থান করায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে সিভিল পোশাকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।











