টাঙ্গাইল সদর সংবাদ দাতা
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও অনলাইন প্রতারণা চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত যুবকের নাম মো. জাকিরুল ইসলাম (১৯)।
রবিবার (২৬ এপ্রিল) ভোরে টাঙ্গাইল পৌর শহরের আকুর টাকুর মুসলিম পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন, বিকাশ লেনদেনের স্টেটমেন্ট এবং ভুয়া প্রশ্নপত্র সরবরাহের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, একটি প্রতারক চক্র চলমান এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র তৈরি করে অনলাইনে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে।
এরপর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে প্রতারণা চক্রের সক্রিয় সদস্য জাকিরুল ইসলামের অবস্থান শনাক্ত করা হয়। পরে রবিবার ভোরে টাঙ্গাইল শহরের আকুর টাকুর মুসলিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া আসামিকে প্রয়োজনীয় আলামতসহ টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে র্যাব অভিভাবক ও শিক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের গুজব বা প্রতারণামূলক প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে এ ধরনের কোনো সন্দেহজনক তথ্য বা কার্যক্রম নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।











