ভূঞাপুর
,
সংবাদ দাতা
টাঙ্গাইলের ভূঞাপুরে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার মেঘার পটল গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর স্বামী চারজনকে অভিযুক্ত করে টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন শহিদুল, সোহেল, এনামুল ও আল আমিন।
অভিযোগে বলা হয়, ওই দিন কয়েকজন ব্যক্তি একটি প্রতীকে ভোট চাইতে ভুক্তভোগীর বাড়িতে যান। বাড়িতে অন্য কেউ না থাকায় গৃহবধূ তাদের চলে যেতে বলেন। এ সময় ভোট দেওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গৃহবধূ চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। যাওয়ার সময় হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন অভিযোগটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ভূঞাপুর থানার এসআই মেরাজুল ইসলাম রুবেল জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।











