খবর বাংলা ডেস্ক :
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের আগে ভোটকেন্দ্র, ভোটার নম্বর ও ভোট দেওয়ার নিয়ম সম্পর্কে ধারণা থাকলে কেন্দ্রে গিয়ে ঝামেলা এড়ানো সহজ হবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট দিতে যাওয়ার আগে নিজের সঠিক ভোটকেন্দ্র ও ভোটার তালিকার ক্রমিক নম্বর জেনে নেওয়া জরুরি। এসব তথ্য নির্বাচন কমিশনের অ্যাপ, হটলাইন, এসএমএস কিংবা সংশ্লিষ্ট নির্বাচন অফিস থেকে জানা যাবে।
ভোটকেন্দ্রে গেলে পোলিং অফিসার ভোটারের নাম ও পরিচয় যাচাই করবেন। এরপর আঙুলে অমোচনীয় কালি দেওয়া হবে এবং সংসদ নির্বাচন ও গণভোটের জন্য পৃথক ব্যালট দেওয়া হবে। ব্যালট নেওয়ার সময় সিল ও স্বাক্ষর আছে কি না দেখে নিতে বলা হয়েছে।
এরপর নির্ধারিত গোপন কক্ষে গিয়ে পছন্দের প্রতীকে সিল দিতে হবে। সিল দেওয়ার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন কালি অন্য কোথাও না লাগে। পরে নির্দিষ্ট ব্যালট বাক্সে ব্যালট ফেলে ভোট সম্পন্ন করতে হবে। ভোট দেওয়া শেষ হলে দ্রুত কেন্দ্র ত্যাগ করার নির্দেশনা রয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের ভোট কাগজের ব্যালটের মাধ্যমে হবে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কেবল তথ্য জানার জন্য ব্যবহৃত হবে, ভোট দেওয়ার জন্য নয়।
তথ্য সূত্র : কালের কণ্ঠ











