খবরবাংলা ডেস্ক :
টাঙ্গাইলে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রস্তুতি সভা ও মানববন্ধন করেছে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ। একই সঙ্গে আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) সফল করার আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতারা।
শনিবার (২৭ জুন) সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। পরে সংগঠনের নেতাকর্মীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন।
টাঙ্গাইল জেলা শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র পাল (বিকে পাল), সহ-সভাপতি মোস্তফা মিয়া, যুগ্ম সম্পাদক নোমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যনির্বাহী সদস্য আলেয়া আক্তার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে উত্থাপিত দুই দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৬ জুলাই দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে। কর্মসূচি সফল করতে দেশের সব শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা শাখা ডাকঘরের কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।










